আজ মঙ্গলবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ
আজ মঙ্গলবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ

মহাখালী টার্মিনালে অপেক্ষায় থাকা বাস পূর্বাচল ডিপোতে সরাতে ডিএমপির অভিযান

মহাখালী বাস টার্মিনালে জায়গা দখল করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা বাস সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। টার্মিনাল এলাকায় যানজট কমাতে অপেক্ষায় থাকা বাসগুলো পর্যায়ক্রমে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে পাঠানো হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএমপি ট্রাফিক বিভাগ। অভিযান পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, মহাখালী টার্মিনাল এলাকায় দীর্ঘ সময় বাস দাঁড়িয়ে থাকায় যানজটসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এ কারণে টার্মিনালের ভেতরে ও আশপাশের সড়কে শৃঙ্খলা ফেরাতে অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে নেওয়ার অনুরোধ করা হয়। অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ট্রাফিক বিভাগ বলছে, মহাখালী টার্মিনাল এলাকায় যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান পরিদর্শনের সময় অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, টার্মিনাল এলাকায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যে নির্ধারিতসংখ্যক গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট গাড়িগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে।

আনিছুর রহমান বলেন, ‘এই অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। সব বাসমালিক ও চালকের সহযোগিতা কামনা করছি।’