পোস্টার লাগানোর স্থান নির্ধারণের সিদ্ধান্ত উত্তর সিটির

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো হয়েছে
ফাইল ছবি

প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ শনিবার ডিএনসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিএনসিসির বার্ষিক বনভোজন ও আনন্দ আয়োজনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।  
বোর্ড সভায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে অবৈধভাবে যত্রতত্র পোস্টার, রেক্সিন, দেয়ালে লেখা, নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার লাগানোর ফলে নগরের সৌন্দর্য নষ্ট এবং একই সঙ্গে অপরিচ্ছন্ন হচ্ছে। শহরের সৌন্দর্য রক্ষায় এবং স্মার্ট সিটি গড়ে তোলার লক্ষ্যে এসব বন্ধ করতে হবে।

প্রতিটি ওয়ার্ডে পোস্টার লাগানোর স্থান নির্ধারণ করে দেওয়া হবে উল্লেখ করে মেয়র আতিকুল বলেন, নির্দিষ্ট সেই স্থানেই কেবল পোস্টার লাগানো যাবে। এর বাইরে অন্য কোনো স্থানে কেউ পোস্টার লাগাতে পারবেন না। নির্দিষ্ট স্থানের বাইরে অবৈধভাবে পোস্টার ও ব্যানার লাগালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ড সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েড সিটির সঙ্গে ঢাকা উত্তর সিটির পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। এই সমঝোতা স্মারক স্বাক্ষর নিয়ে ডিএনসিসি কর্তৃপক্ষ বলছে, এতে দুই শহরের মধ্যে সংস্কৃতি, খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক গড়ে উঠবে। এ ছাড়া যৌথ উদ্যোগে ব্যবসা-বাণিজ্য প্রসারের সুযোগ সৃষ্টি হবে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।

ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকায় হকার ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি সংস্থা ব্র্যাকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এর মাধ্যমে ফুটপাতের হকার ব্যবস্থাপনায় ঢাকা উত্তর সিটি ও ব্র্যাক যৌথভাবে কাজ করবে। পাশাপাশি ঢাকা উত্তর সিটিতে দুই লাখ গাছ রোপণ কার্যক্রম বাস্তবায়নে শক্তি ফাউন্ডেশনের সঙ্গেও অন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত হয়।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিএনসিসির বার্ষিক বনভোজন ও আনন্দ আয়োজনে বোর্ড সভা অনুষ্ঠিত হয়

ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ সব বিভাগীয় প্রধান, কাউন্সিলররা।