ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ঢাকা, ১২ সেপ্টেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। ঢাকা, ১২ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়: আগের সিন্ডিকেটের কাছে ‘শিক্ষার্থীরা নিরাপদ নন’, ভেঙে দেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’ গত ১৭ জুলাই হল বন্ধ করার ঘোষণায় সমর্থন দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার শাসন টিকিয়ে রাখতে চেয়েছিল। ওই সিদ্ধান্তে সমর্থন করা সিন্ডিকেটের সদস্যরা এখনো কমিটিতে রয়ে গেছেন। তাই সিন্ডিকেট ভেঙে নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান শিক্ষার্থীরা। ফ্যাসিবাদের দোসর সব সিন্ডিকেট সদস্যের পদত্যাগ ও আগের সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীবান্ধব ব্যক্তিদের দিয়ে নিয়মতান্ত্রিকভাবে নতুন সিন্ডিকেট গঠনের দাবিতে আয়োজিত এই কর্মসূচি শেষে উপাচার্যের কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তাঁরা।

মানববন্ধন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দিক আলী বলেন, বিগত প্রশাসনের সময় গঠিত সিন্ডিকেট শিক্ষাবিরোধী সিদ্ধান্ত পাস করিয়ে শিক্ষার্থীদের দায়িত্ব ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিল। এই সিন্ডিকেট শেখ হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিল। নিয়ম না মেনে গঠিত এই সিন্ডিকেটের অনেক সদস্য বিনা ভোটে নির্বাচিত। তাই এই সিন্ডিকেট ভেঙে দিয়ে নতুন করে সিন্ডিকেট কমিটি তৈরি করতে হবে। অবিলম্বে সিন্ডিকেট ভেঙে না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. ইমরান। তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনে দলীয়করণ করা হয়েছে। এই সিন্ডিকেটের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নিরাপদ নন। দলকানা নয়, মেধার প্রতিনিধিত্ব করে, এমন ব্যক্তিদের দিয়ে সিন্ডিকেট গঠন করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে জুলাই স্মৃতিচারণ ও সংগীত সন্ধ্যার আয়োজন করেছে বিকিরণ নামের একটি সংগঠন। এ সময় আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ তানজীম উদ্দিন খান দলমত–ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তানজীম উদ্দিন খান আরও বলেন, আগে গণতন্ত্র ও দেশের শত্রু চিহ্নিত ছিল। বর্তমান পরিস্থিতিতে শত্রুরা পরিচয় গোপন করে আছে। তাই সবাইকে সর্তক থাকতে হবে। গণ–অভ্যূত্থান যাতে ব্যর্থ না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

এই কর্মসূচিতে জুলাই ও আগস্টে আন্দোলনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনেকে। পরে কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীরা সেখানে ইসলামি ও প্রতিবাদী সংগীত পরিবেশন করেন। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।