কার্জন হলের সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মীর প্রথম আলোকে জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা শামীম মীর বলেন, শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনের ফুটপাতে ছিন্নমূল এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।