পোলট্রি অ্যাসোসিয়েশনের সভা 

ডিম-মুরগির দাম বাড়াচ্ছে কারা 

রাজধানীর খুচরা বাজারে একটি ডিমের দাম যখন প্রায় ১৩ টাকা, তখন প্রান্তিক খামারিরা পাইকারিতে ওই ডিম বিক্রি করেছেন ৯ টাকা দরে। একইভাবে ১৩৫ টাকা কেজি দরে পাইকারিতে ব্রয়লার মুরগি বিক্রি করছেন তাঁরা। অথচ ঢাকার খুচরা বাজারে এসে ওই মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায়। এতে ক্ষুদ্র খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মধ্যস্বত্বভোগীরা ফুলেফেঁপে বড় হচ্ছেন বলে অভিযোগ খামারিদের। কিন্তু এসব মধ্যস্বত্বভোগী কারা, সেটি জানাননি খামারিরা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) আলোচনা সভায় খামারিরা এসব অভিযোগ
তুলে ধরেন। এদিন সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে। এই কমিটি ক্ষুদ্র খামারিদের সুরক্ষা দিতে পোলট্রি বোর্ড গঠনের দাবি জানিয়েছে। খামারিদের স্বার্থ সংরক্ষণে ভবিষ্যতে সংগঠনটির নেতারা কাজ করবে বলে আলোচনা সভায় জানানো হয়।

অনুষ্ঠানে প্রান্তিক খামারিরা বলেন, মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু সেই হারে মুরগি ও ডিমের দাম পাচ্ছেন না তাঁরা। উল্টো ঢাকা পাইকারি বাজারের বড় ব্যবসায়ী ও করপোরেট কোম্পানিগুলোর প্রভাবে ডিম-মুরগির দাম কম পাচ্ছেন দেশের প্রান্তিক খামারিরা। গতকাল পাইকারিতে খামারিরা একটি ডিম ৯ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৩৫ থেকে ১৩৭ টাকা ও সোনালি মুরগি ২২৫ টাকায় বিক্রি করেছেন। এই দাম বাজারমূল্যের চেয়ে বেশ কম।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঢাকার বাজারদরের হিসাব অনুযায়ী, গতকাল বাজারে ডিম বিক্রি হয়েছে প্রতি হালি ৪৬ থেকে ৫০ টাকায়। তাতে প্রতিটি ডিমের দাম পড়ছে সাড়ে ১১ টাকা থেকে সাড়ে ১২ টাকা। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭৫ থেকে ১৮৫ টাকায়। এ ছাড়া রাজধানীর বাজারে সোনালি মুরগির দাম ছিল প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা।

এ অবস্থায় খামারিরা প্রশ্ন তুলেছেন, ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ৯ টাকায় ডিম ও ১৩৫ টাকায় ব্রয়লার মুরগি আনার পরে মাঝপথে ডিম-মুরগির দাম এতটা বাড়াচ্ছে কারা।

গতকালের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘খামারিরা টিকে না থাকতে পারলে গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এ জন্য খামারিদের টিকিয়ে রাখতে হবে। আজকে আপনারা যে সংগঠিত হলেন, এতে করে সরকারের কাছে আপনাদের কথা বলতে সুবিধা হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিপিএর উপদেষ্টা হারুন-অর-রশিদ হাওলাদার, অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম, বিপিএর সভাপতি সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার প্রমুখ।