স্মারকগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান

পুঁজিবাদ চূড়ান্তভাবে মানুষকে মুনাফালোভী করে তুলছে: অধ্যাপক সিরাজুল ইসলাম

স্মারকগ্রন্থ ‘নাহি ক্ষয় নাহি শেষ’–এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ বিশিষ্টজনেরা। শনিবার জাতীয় প্রেসক্লাবে
ছবি: প্রথম আলো

পুঁজিবাদের বিরুদ্ধে আমাদের মানসিকভাবে লড়তে হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, ‘চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আমরা প্রবেশ করেছি। এখনকার সময় আগামীতে মনে হবে আদিম যুগ ছিল। এ পুঁজিবাদী সমাজে আমাদের আত্মকেন্দ্রিক হতে হচ্ছে।’

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক দিল মনোয়ারা মনুর স্মারকগ্রন্থ ‘নাহি ক্ষয় নাহি শেষ’–এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

আমাদের সমাজে আজ কিশোর গ্যাং তৈরি হচ্ছে জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, শিশুদের নিয়ে কারও মধ্যে নেই তেমন লড়াই। কিশোরেরা হত্যা, মাদকাসক্তি, ধর্ষণসহ সমাজে খারাপ কাজে লিপ্ত। মনু সব সময় শিশুদের এসব কাজের বিরুদ্ধে সংগ্রাম করতেন; কিন্তু এখন কোনো সংগঠন নেই।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, পুঁজিবাদী সমাজের মহামারিতে ধনীর সংখ্যা বাড়লেও গরিবের সংখ্যা আরও বেশি বাড়ছে। পুঁজিবাদ চূড়ান্তভাবে মানুষকে মুনাফালোভী করে তুলছে। মানুষ লোভী হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আজ পুঁজিবাদী সমাজের অস্ত্র হিসেবে আমাদের মনুর সাহিত্যকে কাজে লাগাতে হবে। শিশুদের সুস্থ স্বাভাবিক বিকাশে গড়ে তুলতে আমাদের লড়াই করতে হবে।’

অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন, ‘বইয়ের লেখাগুলো মনুকে জীবন্ত করে তুলেছে। এ গ্রন্থ প্রকাশনা আনন্দের মধ্যে আমাদের বেদনাকে স্মরণ করে দেয়। মনুর জীবনের বেশির ভাগ সময় কেটেছে কচিকাঁচার মেলায়। বেগম ও অনন্যা পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন সমাজে। দিল মনোয়ারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করেছেন। তথ্যপ্রযুক্তির যুগে আমাদের মনন ও চিন্তার জগতের পরিবর্তন ঘটাতে হবে।’

স্মারকগ্রন্থ ‘নাহি ক্ষয় নাহি শেষ’–এর প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। শনিবার জাতীয় প্রেসক্লাবে

মহিলা সমিতি, কচিকাঁচার মেলা, পত্রিকা সম্পাদনা—এ তিন স্তরে তিনি (দিল মনোয়ারা) পরিপূর্ণ ছিলেন বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। বলেন, ‘তিনি নারীকর্মী, মহিলা সাংবাদিক, লেখিকা হিসেবে পিতৃতান্ত্রিক ব্যবসায় অমর। নারীদের অধিকার নিয়ে পিতৃতান্ত্রিক সমাজে তা বিরল। মনু পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে কাজ করেছেন।’

আমাদের সমাজে আজ কিশোর গ্যাং তৈরি হচ্ছে জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, ‘শিশুদের নিয়ে কারও মধ্যে নেই তেমন লড়াই। কিশোরেরা হত্যা, মাদকাসক্তি, ধর্ষণসহ সমাজে খারাপ কাজে লিপ্ত। মনু সব সময় শিশুদের এসব কাজের বিরুদ্ধে সংগ্রাম করতেন; কিন্তু এখন কোনো সংগঠন নেই।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘দিল মনোয়ারা মনু ফাউন্ডেশনের’ পক্ষে দিল মনোয়ারার স্বামী শামসুল হুদা বলেন, ‘দিল মনোয়ারা মনু একজন লেখক, সাংবাদিক ও নারীদের অধিকার আদায়ের কর্মী। তিনি সব সময় সমাজে দৃষ্টান্ত স্থাপন করতেন। বইটি লেখার মাধ্যমে আমরা মনুকে নতুনভাবে চিনতে পেরেছি। মনুর কাজ ও নিষ্ঠার প্রতি সব সময় আমার ভালোবাসা ছিল। তাঁর এ গ্রন্থ প্রকাশের মাধ্যমে সমাজের দায়বদ্ধতা দূর হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আনোয়ারা সৈয়দ হক মনুর জীবনের নানা ঘটনার স্মৃতিচারণা করেন। তিনি মনুর উল্লেখযোগ্য কাজের কথা স্মরণ করিয়ে দেন। এ ছাড়া তৎকালীন সাহিত্যজগতে তাঁর পদচারণ নিয়ে শিল্প-সাহিত্যের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাজী মদিনা, নূরজাহান বোস, সোহরাব হাসান, আবু সাঈদ খান প্রমুখ।