
বিদেশে উচ্চশিক্ষার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এগোতে হবে, কোন বিষয়ে কোথায় ভালো ডিগ্রি নেওয়া যাবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া, বৃত্তিসহ নানা বিষয় নিয়ে আয়োজিত হলো ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’।
গতকাল শুক্রবার ও আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলার আয়োজন করে প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিল।
উচ্চশিক্ষার নানা বিষয়ে জানতে সেখানে ভিড় করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন। আজ ছিল মেলার শেষ দিন।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা মেলায় আসেন। বিকেলে মেলা প্রাঙ্গণে তাঁদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে আয়োজিত এই মেলার ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক পিএলসি। মেলায় বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তিপ্রক্রিয়া-সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শের পাশাপাশি দেওয়া হয় প্রয়োজনীয় দিকনির্দেশনা।
শিক্ষার্থীদের সরাসরি সেবা দিতে মেলায় অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় শিক্ষা পরামর্শক ও সহযোগী ৪০টির বেশি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে এ এইচ জেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালট্যান্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালট্যান্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালট্যান্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালট্যান্সি, শেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রথমা বুকস, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল ছিল। পুরো আয়োজনে ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় ছিল আম্বার আইটি লিমিটেড।
সরাসরি মেলার পাশাপাশি গতকাল প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটি বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠিত হয়। উপস্থাপক নুসরাত জেরির সঞ্চালনায় এসব লাইভে আলোচকেরা স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), রিকমেন্ডেশন লেটার ও প্রয়োজনীয় কাগজপত্র তৈরি, বিষয় নির্বাচন এবং পড়াশোনা শেষে কর্মসংস্থানের সুযোগ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে বিশেষ এই ফেসবুক লাইভ টক শো অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান বলেন, ‘গতবারের ধারাবাহিকতায় এবারও আমরা স্টাডি অ্যাব্রোড ফেয়ারের অফলাইন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি।’ তিনি ব্রিটিশ কাউন্সিল, ইস্টার্ন ব্যাংকসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের এক প্ল্যাটফর্মেই সব তথ্যসেবা দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
দুই দিনের এ আয়োজনে অভূতপূর্ব সাড়া পাওয়ার কথা জানিয়ে ব্রিটিশ কাউন্সিলের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন; ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) শেহরীন শিবলী বলেন, ‘যে উদ্যম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা আইইএলটিএস এবং স্টাডি অ্যাব্রোড নিয়ে জানতে চেয়েছেন—বিষয়টি এখানে উৎসবের আবহ সৃষ্টি করেছে।’
এদিকে সশরীর উপস্থিত হতে না পারা শিক্ষার্থীদের সুবিধার্থে ওয়েবসাইট https://www.studyabroadfair.pro/-এ ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলার অনলাইন আয়োজন। সেখানে ঘরে বসেই পরামর্শক প্রতিষ্ঠানগুলোর নানা সেবা ও অফার সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।