অ্যাসিড অপরাধ দমন আইনের মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
মারা যাওয়া কয়েদির নাম শাহা আলী (৫৯)। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কারা সূত্র জানায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার অ্যাসিড অপরাধ দমন আইনের মামলায় ২০০৪ সালে শাহা আলীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সবশেষ গতকাল বুধবার দুপুরের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নথির তথ্য অনুযায়ী, শাহা আলীর বাড়ি রায়গঞ্জের ভাত হারিয়া গ্রামে। বাবার নাম দারোগ আলী।
ময়নাতদন্তের জন্য শাহা আলীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া।