
রাজধানীতে সিঁধেল চুরির ঘটনা ঘটলেও চোর শনাক্তে পুলিশের গুরুত্ব কম বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার মাসিক অপরাধ–সংক্রান্ত সভায় ডিএমপি কমিশনার এই কথা বলেন। রাজধানীর শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে অবস্থিত ডিএমপি সদর দপ্তরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
সভায় ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই, ডাকাতি ও খুনের মামলার রহস্য উদ্ঘাটন হলেও চোর শনাক্তে পুলিশ গুরুত্ব দেয় না। ফলে চোরেরা ধরা ছোঁয়ার বাইরে থেকে সিঁধেল চুরি (গ্রিল কাটা চোর বোঝানো হয়েছে) করছে। এই কারণে চুরি মামলার রহস্য উদ্ঘাটনে সফলতা নেই। তিনি মনিটরিং সেল গঠন করে চুরির মামলাগুলো পর্যবেক্ষণ ও তদারকি ওপর জোর দেন।
খোন্দকার গোলাম ফারুক বলেন, গভীর রাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের নিরাপত্তা চৌকি বৃদ্ধি ও টহল জোরদার করতে হবে। নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালনের সময় তৎপর থাকতে হবে। তিনি একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।