রাজধানীর বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অবরোধ করেন শ্রমিকেরা। এতে যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিমানবন্দর এলাকা, ঢাকা, ১৪ অক্টোবর
রাজধানীর বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত সড়কের বিভিন্ন অবরোধ করেন শ্রমিকেরা। এতে যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। বিমানবন্দর এলাকা, ঢাকা, ১৪ অক্টোবর

বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন।

আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে আজ তৃতীয় দিনের মতো তাঁরা এ কর্মসূচি পালন করেন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে বলেন, সকালে বিমানবন্দর থেকে জসীমউদ্‌দীন পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে কয়েক শ পোশাকশ্রমিক রাস্তা বন্ধ করে দেন। উত্তরার একাধিক কারখানার শ্রমিকেরা এতে অংশ নেন। পরে বেলা দেড়টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আন্দোলনরত শ্রমিকেরা জানিয়েছেন, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে তাঁরা এই আন্দোলন করছেন। আজকের মতো কর্মসূচি শেষ হলেও আগামীকাল বৃহস্পতিবার আবারও তাঁরা রাস্তায় নামবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।