ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ৪৯৮ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় তাঁদের বিরুদ্ধে ৪৭টি মামলা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব অভিযান চলে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনায় ৩৬ জন, লালবাগে ৩১ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৪৮ জন, তেজগাঁওয়ে ৫১ জন, মিরপুরে ১৩১ জন, গুলশানে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, ডিএমপির গোয়েন্দা বিভাগে ৪ জন ও ডিএমপির সিটিটিসি বিভাগে ২ জন রয়েছেন। অভিযানকালে ২টি দেশি পাইপগান, ২টি কার্তুজ, ৪টি চার্জারে মোট ৩৯টি চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭টি ইয়াবা বড়ি, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল কফ সিরাপ, ১টি চাকু, ১টি কাঁচি, ১টি ব্লেডের অংশবিশেষ, ৫টি মুঠোফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার ১টি হাতঘড়ি, ১৫৬টি তাস, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি সিপিইউ উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায়, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ডিএমপি অভিযান চালিয়ে ৫০৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়।