পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

আজিমপুর কলোনিতে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু

রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে ডুবে মোহতাসিম হক জাহিম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আজ সোমবার বিকেল পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী আবদুল কুদ্দুস জানান, বিকেলে খবর পান বন্ধুদের সঙ্গে পুকুরে নামার পর এক কিশোর তলিয়ে গেছে। পরে তিনি পুকুরে নেমে কয়েক মিনিট খোঁজাখুঁজির পর জাহিমকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এরপর তাঁকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহিমের বন্ধু মাহির আবরারের ভাষ্য, দুপুরে জাহিম তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা পুকুরপাড়ে যায়। জাহিম পানিতে নামতে চাইলে সে বারবার নিষেধ করে। কারণ জাহিম সাঁতার জানত না। এরপরও জাহিম পানিতে নামে। একপর্যায়ে জাহিম পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে টেনে তোলার চেষ্টা করে। এ সময় জাহিম তাকে ধরে ফেললে দুজনই পানিতে ডুবে যায়। তবে সে সাঁতরে উঠতে পারলেও জাহিম আর উঠতে পারেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসেন জাহিমের বাবা সফিউল হক। তিনি বলেন, দুপুরে ছেলে গরু দেখার কথা বলে বাসা থেকে বের হয়েছিল। পরে খবর পান, সে পানিতে ডুবে গেছে। হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান।

জাহিম হাজারীবাগ পার্ক এলাকার বাসিন্দা মো. সফিউল হকের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।