
রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় গাছ থেকে পড়ে সাইমুদ্দিন সানি (২২) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) খণ্ডকালীন শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) সহকারী প্রকৌশলী মো. মুক্তাদির প্রথম আলোকে বলেন, তেজতুরী বাজার মসজিদের পাশে বিদ্যুতের লাইনে ওপরে থাকা গাছের ডাল কাটতে গিয়ে পড়ে যান সাইমুদ্দিন সানি। এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ রেজাউল বলেন, সাইমুদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।