
ঢাকার পল্লবীর কালশীতে ব্যাটারিচালিত একটি রিকশা প্রাইভেট কারে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ১ লাখ ২৫ হাজার টাকা দামের একটি মুঠোফোন ও ২০ হাজার টাকা নিয়ে নেন। আহত শিক্ষার্থী মুবাশশির কাদির মঙ্গলবার পল্লবী থানায় করা মামলায় এসব অভিযোগ করেছেন।
মুবাশশির কাদির মঙ্গলবার প্রথম আলোকে বলেন, তাঁদের বাসা মিরপুর–১২ নম্বর এলাকায়। সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিজেই প্রাইভেট কার চালিয়ে কালশী মোড় হয়ে পল্লবী থানার দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশা এসে প্রাইভেট কারে সজোরে ধাক্কা দেয়। এ সময় ব্যাটারিচালিত রিকশার চালককে উল্টো পথে আসার কারণ জানতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তখন ৯৯৯–এ ফোন করার উদ্যোগ নিলে চিৎকার শুরু করেন। তখন পাশের বিহারি ক্যাম্প থেকে ১৫–২০ জন বাঁশ ও লাঠি নিয়ে হামলা করেন।
মুবাশশির মামলার অভিযোগে বলেন, হামলাকারীদের একজন তাঁর কাছ থেকে মুঠোফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় আশপাশের লোকজনের সহায়তা নিয়ে রাস্তায় উঠে প্রাণ রক্ষার্থে তাঁর বাবা একজন পুলিশ কর্মকর্তা, সেই পরিচয় দেন। তখন অজ্ঞাতনামা এক ব্যক্তি হামলাকারীদের কাছ থেকে তাঁকে ছাড়িয়ে নেন। পরে রক্তাক্ত অবস্থায় কালশী মোড়ে এসে সেখানে অবস্থানরত দুজন পুলিশ সদস্যের সহায়তা চান। পুলিশ সদস্যরাই তাঁর পরিবারকে মুঠোফোনে বিষয়টি জানান এবং তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সেটি খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।