বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়; ১৩ জুলাই ২০২৬
বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), ঢাকা বিশ্ববিদ্যালয়; ১৩ জুলাই ২০২৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণত্রাণ কর্মসূচি

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গণত্রাণ ও তহবিল সংগ্রহ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম ব্যাচের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কর্মসূচি শুরু হয়।

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ত্রাণ সংগ্রহের জন্য বুথ বসানোর কথা থাকলেও বৃষ্টির কারণে আজ শুধু টিএসসিতে একটি বুথেই ত্রাণ ও তহবিল সংগ্রহ করা হয়।

আয়োজক শিক্ষার্থীরা জানান, সংগৃহীত অর্থ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, পলিথিন ও জরুরি চিকিৎসাসামগ্রী কেনা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে সরাসরি দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তনয় আহমেদ বলেন, ‘দেশে চলমান দুর্যোগ পরিস্থিতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এর ধারাবাহিকতায় ১২ জুলাই আমরা প্রতিটি হল থেকে ফান্ডিং (তহবিল) সংগ্রহ শুরু করি। ১৩ জুলাই টিএসসি, কলাভবন ও কার্জন হল এলাকায় বুথ বসানোর কথা থাকলেও অতিবৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অফ (বন্ধ) থাকায় কেবল টিএসসির বুথটি চালু করা সম্ভব হয়েছে।’

এই শিক্ষার্থী আরও বলেন, ‘অনলাইনে আমরা তহবিল সংগ্রহের লাইভ আপডেট (সরাসরি হালনাগাদ) তথ্য দিচ্ছি।’

আয়োজক শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার তিনটি বুথের মাধ্যমেই বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই তহবিল সংগ্রহ কার্যক্রম চলবে।

এর আগে গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এবং বিকাশের মাধ্যমে ৭০ হাজার ৪০ টাকা সংগ্রহ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন শিক্ষার্থীরা।