অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে রাজধানীতে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর মৃত্যু

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে ইসরাত জাহান (২১) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইসরাতের বাবা হুমায়ুন কবিরের ভাষ্যমতে, ইসরাত একটু রাগী ছিলেন, বিবিএ পড়ছিলেন। সেশন–জটের কারণে তাঁর পরীক্ষা দেওয়া হয়নি। গতকাল বুধবার রাতে হুমায়ুন কবির কর্মস্থল থেকে বাড়িতে এসে দেখেন, ইসরাত ঘুমিয়ে আছেন। তখনো তিনি বুঝতে পারেননি, ইসরাত ঘুমের ওষুধ সেবন করেছেন। রাতে ইসরাতের মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে পাকস্থলী পরিষ্কার করে তাঁকে ভর্তি করা হয় মেডিসিন বিভাগে।

বাবা দুঃখ করে বলেন, ‘আগেও একবার এমনই ঘটনা ঘটিয়েছিল। একটু শাসন করতে গেলে এমনটি করে বসে।’

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইসরাতের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। তিনি পরিবারে সঙ্গে বাড্ডায় থাকতেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়।