মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ, থানায় জিডি

তুরাগ থানা ম্যাপ
তুরাগ থানা ম্যাপ

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে শাহরিয়ার কবির নামে একজন প্রকৌশলী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পরিবার। শাহরিয়ার মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত। এ ঘটনায় সোমবার শাহরিয়ার কবিরের মা রাশিদা আকতার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রাশিদা আকতার প্রথম আলোকে বলেন, গত রোববার সকালে শাহরিয়ার কবির কর্মস্থলে যান। এদিন বিকেল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

পরিবার জানায়, লালবাগের আজিমপুর এলাকায় মাসহ থাকতেন শাহরিয়ার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগে পড়াশোনা শেষে মেট্রোরেল প্রকল্পে যোগ দিয়েছিলেন তিনি। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে মেট্রোরেলের উত্তরা ডিপো থেকে তিনি বের হন। সিসি ক্যামেরায় দেখা গেছে, তিনি অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাটছিলেন।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, শাহরিয়ার কবির নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি আত্মগোপনে গেছেন নাকি অন্য কোনো ঘটনা আছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।