রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের গাড়িচালক নিহত হয়েছেন। তাঁর নাম সাইদুর রহমান (৩৫)। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাইদুরকে নিয়ে আসা তাঁর সহকর্মী ইমরুল কায়েস বলেন, সাইদুর একটি নির্মাণ প্রতিষ্ঠানের মিক্সার গাড়ি চালাতেন। ভোরে গাড়ি চালিয়ে পূর্বাচলের দিকে যাওয়ার পথে হঠাৎ গাড়ির মধ্যে জ্ঞান হারান। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানের দেয়ালে গাড়িটির ধাক্কা লাগে।
এতে সাইদুরও আঘাত পান। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাইদুর রহমানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আশপাড়ায়। তিনি ঢাকার পূর্বাচল এলাকায় থাকতেন।