মতিঝিলে ১৮ তলা থেকে পড়ে ও পল্টনে ছাপাখানার গুদামে দুই শ্রমিকের মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকার একটি ১৮ তলা ভবন থেকে নিচে পড়ে মো. শিপন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় পুরানা পল্টন এলাকায় একটি ছাপাখানার গুদামে প্রিন্টিং প্লেটের নিচে চাপা পড়ে আবদুর রহিম (৩২) নামের একজন শ্রমিক মারা গেছেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সৈয়দ আলী বলেন, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ভবনের ১৮ তলার বাইরের অংশে অ্যালুমিনিয়াম বোর্ড লাগানোর সময় নিচে পড়ে যান শিপন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, শিপনের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের দক্ষিণ নাজিরপুরে। তাঁর বাবার নাম মো. ইউসুফ। তিনি মতিঝিলের মেঘনা লাইফ ইনস্যুরেন্স ভবনেই থাকতেন।

এদিকে পুরানা পল্টনে নিহত শ্রমিক আবদুর রহিমের সহকর্মী বেলাল হোসেন বলেন, পুরানা পল্টনের সুরমা টাওয়ারের গলি এলাকায় গ্রাফিকস মেলা নামের একটি ছাপাখানায় কাজ করতেন রহিম। ছাপাখানার প্রিন্টিং প্লেট গুদামে সারিবদ্ধভাবে রাখার সময় সেগুলো শরীরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে।