মোহাম্মদপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ১

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় মো. রাব্বি (২০) নামের ভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ভ্যানচালক ওয়াহিদ মিয়া (৬০)।

আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত রাব্বিকে উদ্ধার করে সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্র বলছে, রাব্বির গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা এলাকায়। তাঁর বাবার নাম মো. জয়নাল মিয়া।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ভ্যানচালক ওয়াহিদ বলেন, তিনি মোহাম্মদপুর রায়েরবাজার বালুর মাঠ এলাকায় ব্যবসা করেন। তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় মুরগির জোগান দেন। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে দোকানের কর্মচারী রাব্বিকে সঙ্গে নিয়ে মুরগি পৌঁছে দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

ওয়াহিদ আরও বলেন, ‘ট্রাকটি সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আমি পড়ে ভ্যানের নিচে চলে যাই। আর রাব্বি ছিটকে ডান পাশে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন প্রথমে কেউ ধরছিল না। পরে কয়েকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করেন।’