ঢাকায় মোমবাতির আগুনে পুড়ে নারীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার হাজারীবাগে মোমবাতি থেকে শাড়িতে আগুন লেগে দীপালি রানী সাহা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ৯ অক্টোবর তিনি অগ্নিদগ্ধ হন। আজ মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীপালি রানী বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহার বোন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন প্রথম আলোকে বলেন, দীপালি রানীর শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

দীপালি রানীর ভাই প্রণব সাহা প্রথম আলোকে বলেন, দীপালি দুই মাস আগে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর থেকে ঢাকার হাজারীবাগে ছেলের বাসায় আসেন। ঘটনার দিন দীপালি একাই বাসায় ছিলেন। মোমবাতি থেকে কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন। পরে ছেলেকে মুঠোফোনে বিষয়টি জানান তিনি। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীপালির স্বামী গণেশ চন্দ্র সাহা বেঁচে নেই।