
রাজধানীর কাফরুল থানা এলাকায় কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত পরীক্ষিত দাসের লাশ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে সোমবার তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগ।
গ্রেপ্তার তিনজন হলেন কাফরুলের ওই মন্দিরের সভাপতি বিপ্লব বিজয়ী হালদার (৪৬), সাংগঠনিক সম্পাদক সুমন সাহা (৫৩) ও দপ্তর সম্পাদক বাদল সরকার (৩৫)। তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
ডিএমপি মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ১৬ আগস্ট মন্দিরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরীক্ষিত দাস। ওই মন্দিরে প্রায় ছয় বছর ধরে কাজ করছিলেন তিনি।
পুলিশের এই কর্মকতা বলেন, ওই সেবায়েত ১৫ আগস্ট রাত পৌনে ১২টার দিকে একটি ব্যাগ নিয়ে মন্দির থেকে বের হচ্ছিলেন। ব্যাগে মন্দিরের ফল ছিল। ফলগুলো চুরির অভিযোগ তোলেন বিপ্লব বিজয়ী হালদার, সুমন সাহা ও বাদল সরকার। পরদিন সকালে প্রকাশ্যে সালিস বসিয়ে বিচার করার হুমকি দেওয়া হয় তাঁকে।
মন্দিরের একটি সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে হারুন অর রশীদ বলেন, ভিডিওতে পরীক্ষিত দাসকে মন্দির থেকে বের হতে দেখা যায়। এ সময় বিপ্লব, সুমন ও বাদল তাঁকে বাধা দেন। একপর্যায়ে পরীক্ষিত দাস তাঁদের একজনের দুই পা জড়িয়ে ধরেন।
পরে ওই ব্যক্তিকে বুকে জড়িয়ে ধরেন তিনি। ভিডিওতে স্পষ্ট বোঝা গেছে, তিনি বারবার ক্ষমা চাচ্ছিলেন। অপর দুজনেরও পা জড়িয়ে ধরে ক্ষমা চান তিনি।
পরে তিনজন পরীক্ষিত দাসকে রেখে চলে যান। এরপরই তিনি মন্দিরে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরদিন সকালে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে কাফরুল থানা-পুলিশ।
এ ঘটনায় পরীক্ষিতের ছেলে ভক্ত দাস বাদী হয়ে কাফরুল থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। এ ঘটনায় পেছনে আরও কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।