
রাজধানী ঢাকার ফুটপাতের হকারদের উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। একদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকেরা হকারদের পুনর্বাসনের আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের নির্দেশে চলছে উচ্ছেদ অভিযান, যা স্পষ্টতই পরস্পরবিরোধী অবস্থান তৈরি করেছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। এদিকে দুপুরে রাজধানীর সদরঘাটে হকার উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হকার্স ইউনিয়ন কোতোয়ালি থানার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বিক্ষোভ কর্মসূচিতে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত বলেছেন, এই দ্বৈত নীতি হকারদের জীবিকা নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে। পুনর্বাসনের কোনো দৃশ্যমান ব্যবস্থা না নিয়ে উচ্ছেদ চালানো মানে হাজার হাজার পরিবারের রুটিরুজির পথ বন্ধ করে দেওয়া। তিনি অভিযোগ করেন, একদিকে আশ্বাস, অন্যদিকে বুলডোজার—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হকার্স ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ মেনে নেওয়া হবে না। দ্রুত সমাধান না এলে তাঁরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
সংগঠনের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত সভাপতি শাহিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা রাফিউল ইসলাম, তুলসী দাস প্রমুখ।