সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

রাজধানীর ডেমরায় আজ শুক্রবার সকালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান থেমে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে ওই কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। তাঁর নাম হৃদয় হোসেন (৩০)।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের সড়কে তেল শেষ হওয়ায় একটি কাভার্ড ভ্যান সড়কে থেমে ছিল। এ সময় কুয়াশার মধ্যে পেছন থেকে দ্রুতগামী অপর একটি কাভার্ড ভ্যান থেমে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় চালক হৃদয় ঘটনাস্থলে মারা যান। আহত হন থেমে থাকা গাড়ির চালকের সহকারী মো. শারফিন (৬০) ও অপর কাভার্ড ভ্যানের চালকের সহকারী নাজমুল (৪৫) ও বাবু (২৩)। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারা এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা শীতল কুমার বলেন, হৃদয়ের বাড়ি নরসিংদীতে। তাঁর লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।