
হাজারীবাগের ট্যানারিশিল্প, শ্যামপুরের ডাইং কারখানা ও সদরঘাট বন্দর—এই তিন উৎস বুড়িগঙ্গা নদীদূষণের প্রধান কারণ। একটি গবেষণার প্রাথমিক তথ্যের বরাত দিয়ে আরও দাবি করা হয়েছে, শ্যামপুর ডাইং কারখানাগুলোর যে পানি নদীতে মিশছে, তা আদর্শ মান থেকে নিচে অবস্থান করছে।
আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম ও বুড়িগঙ্গা নদী মোর্চা।
‘বুড়িগঙ্গা নদী কার্নিভ্যাল’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠন দুটি। নদীটি বাঁচিয়ে রাখতে ১০ সেপ্টেম্বর বুড়িগঙ্গা-সংলগ্ন রাজধানীর মুসলিমবাগ টাওয়ার মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে।
ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়ামের প্রকল্প সমন্বয়ক মো. কামরুজ্জামান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, হাজারীবাগের দুই শতাধিক ট্যানারিশিল্প এবং শ্যামপুরের শতাধিক ডাইং কারখানা—এই দুই কারণে বুড়িগঙ্গা আজ নর্দমায় পরিণত হয়েছে।
তা ছাড়া রাজধানীর সঙ্গে পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগের কয়েক শ নৌযান সদরঘাট লঞ্চ টার্মিনাল ব্যবহার করে লাখ লাখ মানুষ ও পণ্য পরিবহন করে থাকে। সদরঘাটের নৌযান থেকে নির্গত দূষণের কারণে বুড়িগঙ্গা নদী অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম একটি প্রকল্পের আওতায় প্রতিবেদন তৈরি করছে। যেখানে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর চারটি স্পট থেকে নমুনা পানি সংগ্রহ করে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হবে।
চারটি স্পট হলো শ্যামপুর ডাইং কারখানা, সদরঘাট লঞ্চ টার্মিনাল, হাজারীবাগ পুরোনো ট্যানারিশিল্প ও হেমায়েতপুর নতুন ট্যানারিশিল্প। এই জায়গাগুলো থেকে প্রাক্-বর্ষাকাল, বর্ষাকাল ও বর্ষাকাল-পরবর্তী সময়ের পানি সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, শ্যামপুর ডাইং কারখানা থেকে সংগৃহীত পানির পিএইচ, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আদর্শ মান থেকে নিচে অবস্থান করছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়ামের লিড শরীফ জামিল বলেন, ‘এ তিনটি দূষণকে কেন্দ্র করে আমরা যদি সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারি, কী ধরনের দূষণ কতটুকু দূষণ কারা দূষণ করে এবং কোন উৎস থেকে দূষণ আসে, তাহলে সরকারের জন্য তা মোকাবিলা করা সহজ হবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের প্রোগ্রাম স্পেশালিস্ট মেহেদী হাসান প্রমুখ।