শাহবাগে সমাবেশ

বিদেশিদের প্রভাবিত করতে মানবাধিকারের কথা বলা মানুষের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ‘সচেতন নাগরিক সমাজ’ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে
ছবি: সাজিদ হোসেন

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, যাঁরা বিদেশিদের প্রভাবিত করতে মানবাধিকারের কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে। তিনি মনে করেন, বাংলাদেশে বিএনপি-জামায়াতের কিছু হলেই যাঁরা মানবাধিকার লঙ্ঘনের আওয়াজ তোলেন, সেই ‘তথাকথিত সুশীল সমাজের’ মুখে মানবাধিকারের কথা শোভা পায় না।

আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ‘বিএনপি-জামায়াত ও তাদের আন্তর্জাতিক দোসর- আমাদের মানবাধিকারের কী হবে? জবাব চাই’ শিরোনামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সচেতন নাগরিক সমাজ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ডে শহীদ জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের সন্তান খায়রুজ্জামান লিটন বক্তব্য দেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাঁর লোকজনের মাধ্যমে অনেক হত্যাকাণ্ড করে গেছেন। তখন মানবাধিকার কোথায় ছিল? মানবাধিকার নিয়ে যাঁরা কথা বলেন, আমরা তখন তাঁদের কোথাও দেখিনি। জাতির পিতার দুই কন্যা যখন অনেক দুঃখ-কষ্ট ও সমস্যা নিয়ে বিদেশে বসবাস করছিলেন, সেই সময়ে মানবাধিকারের কথা ওঠেনি।

দেশের সুশীল সমাজের কড়া সমালোচনা করে খায়রুজ্জামান লিটন বলেন, মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে বলে যাঁরা গলা ফাটিয়ে দিচ্ছেন, যাঁরা বাংলাদেশে বিএনপি-জামায়াতের কিছু হলেই মানবাধিকার লঙ্ঘনের কথা খুঁজে পান, সেই তথাকথিত সুশীল সমাজকে আমি বলতে চাই, মানবাধিকারের কথা আপনাদের মুখে অন্তত শোভা পায় না। দেশের মানুষের জন্য ক্ষতিকর কাজগুলোকে আপনারা সমর্থন দেন, ভালো কাজগুলোকে সমর্থন দেন না। সে কারণেই বাংলাদেশে অসংখ্য ঘটনা ঘটে গেছে, যেগুলোতে আমরা আপনাদের পাশে পাইনি। আমি এমন অনেকের নাম বলতে পারি, যাঁরা বিভিন্ন নামে মানবাধিকার নিয়ে কাজ করার নাম করে অফিস-আদালত করে বসেছেন, যাঁরা রাষ্ট্রীয় নির্বাচন থেকে শুরু করে অন্য সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান, দূতাবাসের মাধ্যমে নানা বানোয়াট কথাবার্তা-চিঠি দিয়ে বিদেশিদের প্রভাবিত করতে চান যে দেশে গণতান্ত্রিক চর্চা বলে কিছু নেই, অত্যাচার ছাড়া কিছু নেই, এখানে নির্মমভাবে বিরোধী দলকে দমন করা হচ্ছে। তাঁদের উদ্দেশে প্রশ্ন, আপনারা যদি এটাকে বিরোধী দল দমন করা বলেন, তাহলে বিরোধী দল কীভাবে দিনের পর দিন পদযাত্রা-শোভাযাত্রা-সমাবেশ করছে?

যাঁরা বিদেশিদের প্রভাবিত করতে মানবাধিকারের কথা বলছেন, তাঁদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এসেছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, তাঁরা মনগড়া-বানোয়াট কথা দিয়ে বিদেশিদের প্রভাবিত করবেন আর আমরা বসে থাকব, এটি হতে পারে না। তাঁদের কারণে দেশের উন্নয়ন ব্যাহত হবে, সেটি হতে পারে না। আমি আমার পিতা হত্যার বিচারসহ দেশে সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার চাই৷

মায়ের কান্না নামক সংগঠনের আহ্বায়ক কামরুজ্জামান মিয়া লেলিন বলেন, মায়ের কান্না আজও শেষ হয়নি। এই কান্না চলবে জীবনভর। ১৯৭৭ সালে খুনি জিয়া মার্শাল ল ট্রাইব্যুনালের নামে প্রহসনের বিচার করে সেনা ও বিমানবাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছিলেন। সেই সময়ে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুতির শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠনই হচ্ছে মায়ের কান্না। বিচারের নামে সেটা ছিল জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা নিধনের প্রক্রিয়া। আমরা বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ওই হত্যাকাণ্ডগুলোর বিচার চাই।

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের বোন রিনা মোশাররফ বলেন, বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই হত্যার বিচার চাই। ওই সময়ে অন্য সেনা কর্মকর্তাদের হত্যার বিচারও যেন হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ হওয়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের স্ত্রী শহীদ সুলতানা কামালের ছোট ভাই গোলাম আহমেদ টিটো বলেন, সুলতানা কামাল দেশের একজন কৃতী অ্যাথলেট ছিলেন। ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাঁকেও গুলি করে হত্যা করা হয়। তাঁদের কী অপরাধ ছিল? আজকে যাঁরা মানবাধিকার নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছেন, তখন তাঁরা কোথায় ছিলেন?

বীরাঙ্গনাদের পক্ষ থেকে বক্তব্য দেন শেখ ফাতেমা আলী। তিনি বলেন, ‘আমার বাবার বাড়িতে ঠাঁই পাই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব আমার সঙ্গে বহু বীরাঙ্গনাকে পিতার পরিচয় দিয়েছিলেন। আমি আমার সেই বোনদের বলি, এখনো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ওপর কেন হামলা হয়? ভবিষ্যতে এই মানবাধিকার লঙ্ঘন যাতে না হয়, তার জন্য আমি বঙ্গবন্ধুকন্যার কাছে আকুল আবেদন জানাই।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিমের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা আহসানুল হক, জাতীয় কবিতা পরিষদের নেতা আসলাম সানী, শহীদ সুলতানা কামালের ভাইয়ের মেয়ে নেহরীন মোস্তফা সমাবেশে বক্তব্য দেন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৭ সালে সামরিক ‘কাঙ্গারু আদালতে’ বিচারের শিকার, ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা ও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে আগুন সন্ত্রাসের ভুক্তভোগীসহ বেশ কয়েকজন বক্তব্য দেন। কয়েকজন অভিনয়শিল্পী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।