ঢাকা মেডিকেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত তরুণের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  
ফাইল ছবি

নিপাহ ভাইরাসে আক্রান্ত এক তরুণের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। তাঁর নাম মো. শাহ আলম (২১)। সোমবার রাত পৌনে ৯টার দিকে জরুরি বিভাগের ওয়ান–স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওপেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দিন বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা জানতে পেরেছেন শাহ আলম নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন।

শাহ আলমের বাবা জালাল মিয়া জানান, ১০–১২ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন শাহ আলম। গত বৃহস্পতিবার জ্বর বেশি থাকায় তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে গত শুক্রবার এই হাসপাতালে আনেন। পরে জানতে পারেন, ছেলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শাহ আলম তৈরি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর থানার এলাকায়। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।