মাসিক অপরাধ পর্যালোচনা সভা

মামলা তদন্তে তদারকি বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

ফাইল ছবি
ফাইল ছবি

মামলা তদন্তে তদারকি বাড়ানোর পাশাপাশি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার মাসিক অপরাধ পর্যালোচনা-সংক্রান্ত এক ভার্চ্যুয়াল সভায় এই নির্দেশনা দেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। পুলিশ সদর দপ্তরের এই সভায় সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি) ও জেলার পুলিশ সুপার ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদর দপ্তর প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান, ডিআইজি মো. রেজাউল হক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, চুরি-ডাকাতি মামলা রোধে তৎপরতা আরও বাড়াতে হবে। পারিবারিক সহিংসতা রোধে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরি ও পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তাব্যবস্থা নিতে হবে।

এ সময় বাজার কারসাজি করে কেউ যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন এম খুরশিদ হোসেন।

সভায় অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী গত জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। উপস্থাপিত অপরাধ পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে মোট মামলা, নারী ও শিশু নির্যাতন মামলা এবং উদ্ধারের কারণে মামলা কমেছে।