কানাডিয়ান ইউনিভার্সিটির সমাবর্তনে আসছেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী

শান্তিতে নোবেলজয়ী ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী
ছবি: রয়টার্স

শান্তিতে নোবেলজয়ী ও ভারতের শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থী ঢাকায় আসছেন। কানাডিয়ান বিশ্ববিদ্যালয় অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে তিনি সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা বিনিময় করবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত থাকবেন।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তন এটি। এ জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই উদ্বেলিত। রাষ্ট্রপতির কাছ থেকে সনদ নেওয়ার অপেক্ষায় আছেন ডিগ্রিধারী শিক্ষার্থীরা।

এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘সমাবর্তনের দিনটি আমাদের জন্য এক বিশেষ মাইলফলক। কারণ, এই অল্প সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের হাতে সমাবর্তনের মাধ্যমে সনদ তুলে দিতে পারছি।’

চৌধুরী নাফিজ সরাফাত আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলছি আমরা। এতে থাকবে আধুনিক বিশ্ববিদ্যালয় ভবন, দৃষ্টিনন্দন লেক ও বিশাল খেলার মাঠ। আর এটি হবে পরিবেশবান্ধব একটি ক্যাম্পাস। সর্বাধুনিক ল্যাব, স্টুডিও, লাইব্রেরি, থিয়েটার, স্টাডি জোনের সঙ্গে থাকছে শিক্ষার্থী লাউঞ্জ, অবসর কাটানোর জায়গা, জিম, ফুড লাউঞ্জসহ বিভিন্ন সুবিধা। বিশ্বমানের স্থাপত্য নকশায় গড়ে তোলা হচ্ছে বিশ্ববিদ্যালয়টির নান্দনিক স্থায়ী ক্যাম্পাস।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পূর্ণতা দেয় সমাবর্তন। সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে আনন্দের দিন। গ্র্যাজুয়েটরা তাঁদের শিক্ষাজীবন শেষ করেই রাষ্ট্রপতির হাত থেকে সনদ নেবেন, এটা এক বিশাল অর্জন।