সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

রাজধানীর সায়েন্স ল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুই মোটরসাইকেল আরোহী এবং সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী রয়েছেন। তাৎক্ষণিক মোটরসাইকেল আরোহীদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাতে নিউমার্কেট থানাধীন সায়েন্স ল্যাবের সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। অন্যদিকে তেজগাঁও এলাকায় বিজি প্রেসের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী।

রাত ১১টার দিকে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক পৃথক সময়ে চারজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত অটোরিকশার যাত্রী হলেন হারুন রহমান (৩২)। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দশকাহানিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে মহাখালী এলাকায় থাকতেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বৃষ্টি এবং বোন হ্যাপি আহত হয়েছেন। নিহত অটোরিকশাচালক আলিম (৬৫) মধ্য বাড্ডায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে, তারা যথাযথ আইনি ব্যবস্থা নিচ্ছে।