
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক করার ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ঢাকা উত্তর সিটি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করে। সেখানে সভাপতির বক্তব্যে আতিকুল ইসলাম এ কথা বলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যসহ মোট ১ হাজার ২০০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
ডিএনসিসির মেয়র বলেন, ‘সেবা দেওয়ায় ঢাকা উত্তর সিটি সব সময় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে থাকে। মুক্তিযোদ্ধাদের সম্মানে আমরা নানান পদক্ষেপ গ্রহণ করেছি।
তাঁদের জন্য কর ছাড়ের ব্যবস্থা রয়েছে। সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য একটি কক্ষ বরাদ্দ রাখা হবে। সেখানে তাঁদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। কোনো সেবা নিতে গেলে মুক্তিযোদ্ধারা সেখানে বসবেন। ঢাকা উত্তর সিটির কবরস্থানেও মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফনে কোনো ফি দেওয়া লাগবে না।’
ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে জানিয়ে মেয়র বলেন, আজকে এখানে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, মুক্তিযোদ্ধাদের পবিত্র রক্তের উত্তরাধিকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত আছেন। তাঁরা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন।
অবৈধ দখলের বিরুদ্ধে হুঁশিয়ার করে মেয়র বলেন, বঙ্গবন্ধু যেভাবে দেশকে ভালোবেসেছেন, মুক্তিযোদ্ধারা যেভাবে দেশকে ভালোবেসে যুদ্ধ করেছেন, ঠিক সেভাবে এই দেশ ও শহরকে ভালোবাসতে হবে। অনেক জায়গায় খাল, মাঠ, রাস্তা ও ফুটপাত দখল করে রাখা হয়েছে। দখল ও দূষণ বন্ধ করতে হবে। দেশপ্রেম যাদের আছে, তারা কখনো অবৈধ দখল করতে পারে না।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী। ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।