‘স্বপ্নসারথী’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও এসইএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল। ৬ অক্টোবর ২০২৬
‘স্বপ্নসারথী’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও এসইএলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল। ৬ অক্টোবর ২০২৬

প্রতিকূলতা জয় করা সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘স্বপ্নসারথী’

প্রতিকূলতা জয় করে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠনগুলোর যৌথ প্ল্যাটফর্ম ‘স্বপ্নসারথী’। মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘স্বপ্নসারথী: সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’ শীর্ষক এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের সংগ্রাম, প্রতিবন্ধকতা জয় এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে। পাশাপাশি শিক্ষকেরাও নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা ও সামাজিক কার্যক্রম নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

আয়োজনের উদ্বোধন করেন স্বপ্নসারথীর প্রধান উপদেষ্টা এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবদুল আউয়াল। উদ্বোধনী বক্তব্যে তিনি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে মসৃণ করতে এবং তাদের ভবিষ্যৎ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘স্বপ্নসারথী’র কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনিসুল হক। ৬ অক্টোবর ২০২৬

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক শিক্ষার্থীদের ভয় জয় করে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনসংগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, প্রতিকূল পরিবেশ বা আর্থিক অসচ্ছলতা নয়; বরং অধ্যবসায়, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার মানসিকতাই মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখা অব্যাহত রাখতে হবে এবং অর্জিত শিক্ষা ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ব্যাপকভাবে সম্প্রসারণ করতে কেবল একক প্রচেষ্টা যথেষ্ট নয়; এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা (এনজিও) ও সামাজিক সংগঠনগুলোর একটি কার্যকর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘স্বপ্নসারথী’ দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের একটি যৌথ প্ল্যাটফর্ম, যা সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, মানবিক উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা তৈরিতে কাজ করে যাচ্ছে।