ভাটারায় গ্যাস সিলিন্ডার লাইন মেরামতের সময় আগুন ধরে দগ্ধ ৪

রাজধানীর ভাটারায় অগ্নিদগ্ধ ব্যক্তিদের একজন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ৩০ আগস্ট
ছবি: প্রথম আলো

রাজধানীর ভাটারায় নতুন বাজার এলাকায় একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডারের লাইন মেরামতের সময় আগুন ধরে যাওয়ায় নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন ক্যাফে ফোর স্টার নামের রেস্তোরাঁর বাবুর্চি তরিকুল ইসলাম ওরফে তারেক (৩৯), তাঁর সহকারী মো. হারিস (২৬) এবং নারী সহকর্মী লাইলি বেগম ওরফে খাদিজা (৪৫) ও রহিমা বেগম (৩৫)।

হাসপাতালে রেস্তোরাঁর কর্মী বাবলু হাওলাদার জানান, গতকাল মঙ্গলবার রাত থেকেই তাঁরা খাবার রান্না করছিলেন। তবে গ্যাস সিলিন্ডারে সমস্যা দেখা দেয়। আজ সকাল সাড়ে আটটার দিকে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের মিস্ত্রি এসে সিলিন্ডারের গ্যাস লাইন মেরামতের কাজ করছিলেন।

তখনই গ্যাসের অতিরিক্ত চাপে চুলার অংশে গ্যাস বেরিয়ে যায়। তখন হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন ধরে যায়। এ সময় চুলার পাশে থাকা বাবুর্চি তরিকুল, তাঁর সহকারী হারিস এবং দুই নারী সহকর্মী লাইলি ও রহিমা দগ্ধ হন। এরপর তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, রহিমা ও লাইলির শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে। তাঁদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তরিকুলের শরীরের ৭ শতাংশ ও হারিসের ১২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধ চারজনই আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক তরিকুল।