কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা
কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা

সভায় বক্তারা

সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দিতে হবে

সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির নেতারা। আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের নেতারা এ আহ্বান জানান।

সভায় সচেতন নাগরিক কমিটির সভাপতি সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন, মুক্তিযুদ্ধের পর দেশে ফিরে বঙ্গবন্ধু বলেছিলেন, চার মূল নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। এগুলো হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের কথা বলা আছে।

অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক বলেন, যে মূল্যবোধের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই মূল্যবোধের ভিত্তিতেই ৭২–এর সংবিধান হয়েছে। ওই মূল্যবোধ অনুযায়ীই রাষ্ট্র পরিচালনা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সব ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই সরকারের অধীনে উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে হবে।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, বাংলাদেশ ও ভারতের অটুট বন্ধনকে ক্ষুণ্ন করতে আমাদের ভেতরে লুকিয়ে থাকা কিছু অপশক্তি নানানভাবে চেষ্টা করে। ধর্মীয় বিশৃঙ্খলা ও সহিংসতার সৃষ্টি করে ভারতকে আমাদের প্রতি ক্ষিপ্ত করতে চায়। তাই আমাদের সব সময় সচেতন থাকতে হবে। কেউ যাতে ক্ষতি করতে না পারে।

ওমর ফারুক আরও বলেন, আগামী বছরের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। জনসভা করতে রাস্তাঘাটে গিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তারা একটি যুদ্ধ ঘোষণা করে বসেছে। এই অপশক্তি, যারা দেশকে অশান্ত করতে চায়, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধুর সরকার, শেখ হাসিনার সরকার এবং অসাম্প্রদায়িক সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জিনিসপত্রের দাম বাড়লেও কোনো মানুষ না খেয়ে, বস্ত্রহীন হয়ে নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘সবাই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি। যারা এ দেশকে পিছিয়ে নিতে চায়, দেশের মানুষে মানুষে হানাহানি এবং মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন নষ্ট করতে চায়। সেই অশুভ শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করছে। সম্প্রীতির বন্ধনকে রাজনৈতিক স্বার্থে ধ্বংস করতে যারা নানা ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।

সচেতন নাগরিক কমিটির মহাসচিব ফজলে এলাহী অনুষ্ঠান সঞ্চালনা করেন। অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক রমেন মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। ৬ ডিসেম্বরে এই মৈত্রী দিবস এখানে পালন করা হয়। সভায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।