ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

সুপ্রিম কোর্ট ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্ট ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ রোববার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা স্থানগুলোর মধ্যে রয়েছে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ ফটক এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের এলাকা। এসব স্থানে সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রাসহ সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

একই সঙ্গে বিভিন্ন দাবি বা প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমপি।