দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য ও পুষ্টি পরিষেবার উন্নয়ন বিষয়ে এক জাতীয় কর্মশালার আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা ভবনে এ কর্মশালা হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন ও মেরামতের জন্য স্থানীয়ভাবে নেতৃত্বাধীন উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া উচিত। যেসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কোনো সেবা প্রদানকারী নেই, সেখানে কমপক্ষে একজন অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর নিয়োগ করার নির্দেশ দেন তিনি।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত শূন্য পদের জন্য নিয়োগ নিশ্চিত করার কথা জানান। কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ সার্ভিসেস ইউনিট) মো. মাহামুদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে বাংলাদেশ সরকার, ইউএসএআইডি এবং ওয়ার্ল্ড ভিশনের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আছে।
কর্মশালায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোয় পরিষেবার মান উন্নয়নের জন্য কয়েকটি সুপারিশ করা হয়। এর মধ্যে আছে উন্নত অবকাঠামোর জন্য বাজেট বরাদ্দ, পরিষেবা পয়েন্টগুলোয় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করা এবং পর্যাপ্ত পরিষেবা প্রদানকারী নিয়োগ করা।
ওয়ার্ল্ড ভিশন ২০১৫ সাল থেকে নবযাত্রা প্রকল্পের মাধ্যমে খুলনা বিভাগে স্বাস্থ্য ও পুষ্টিতে টেকসই ফলাফল অর্জনের জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ কমিউনিটি স্বাস্থ্যসেবাকেন্দ্র শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে।