কারওয়ান বাজারে ৩০ কেজির বাঘাড় বিক্রি, ব্যবসায়ীকে অর্থদণ্ড

কারওয়ান বাজারে বাঘাড় মাছ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে
ছবি: সংগৃহীত

৩০ কেজি ওজনের একটি বাঘাড় বিক্রির অপরাধে রাজধানীর কারওয়ান বাজারে এক মাছ ব‍্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কারওয়ান বাজারের মাছের আড়তে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ঢাকা), র‍্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য অধিদপ্তরের যৌথ টহল অভিযানকালে এ অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যবসায়ী বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাঁকে দণ্ড ধারা ৩৯ অনুযায়ী, ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই আড়ত থেকে জেলিযুক্ত নিষিদ্ধ ১০০ কেজি চিংড়ি ও ২০০ কেজি জাটকা জব্দ করে জরিমানা করা হয়।

মহাবিপন্ন বাঘাড় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিল ২ অন্তর্ভুক্ত একটি সংরক্ষিত বন্য প্রাণী।