অভিযান শুরু হতে প্রতিটি ডাবের দাম কমল ৪০ টাকা

দাম বেড়ে যাওয়ায় রাজধানীতে ভ্রাম্যমাণ ডাবের দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
ছবি: প্রথম আলো

রাজধানীতে ভ্রাম্যমাণ ডাবের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় প্রতিটি ডাব ৩৫ থেকে ৪০ টাকা কমে বিক্রি করতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

ডাব কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, মঙ্গলবার সকাল থেকে যে দামে ডাব বিক্রি হচ্ছিল, অভিযান শুরু হওয়ার তার চেয়ে কম দামে বিক্রি হয়। অভিযানের আগে যে ডাব ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছিল, সেটা অভিযানের পর বিক্রি হয় ১০০-১১০ টাকায় বিক্রি হতে দেখা যায়। আর ১০০ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ভ্রাম্যমাণ ভ্যানে যারা ডাব বিক্রি করছিলেন, এমন কয়েকজন ব্যবসায়ী তাদের ভ্যান ফেলে পালিয়ে যান।

সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, 'বেশির ভাগ দোকানেই মূল্য তালিকা ছিল না, এখন মূল্য তালিকা দেওয়া হচ্ছে। এখানে ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১১০ টাকায় ডাব বিক্রি হচ্ছে, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। প্রয়োজন অনুযায়ী ডাবের আড়তগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। ’