
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোড এলাকা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক বলছেন, তাঁর শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে তরুণীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর বয়স ২৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অচেতন থাকায় তরুণীর নাম-পরিচয় জানা যায়নি। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘তরুণীর স্বজনদের থানা বা হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
তরুণীকে আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পথচারী তাঁর নাম বলেন শাহীন আলম ওরফে বাবু।
শাহীন আলম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে উত্তরা জসিমউদ্দীন রোড-সংলগ্ন এলাকায় অচেতন অবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখেন তিনি। পুলিশের সহযোগিতায় তিনিসহ অন্য পথচারীরা প্রথমে তাঁকে উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। উন্নত চিকিৎসার জন্য আজ সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহীন আলম জানান, তরুণীর হাতে ও গলায় গয়না (আংটি ও চেইন) ছিল। তাঁর সঙ্গে ছিল ১৮ হাজার টাকা। তবে তাঁর কাছে কোনো মুঠোফোন পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইফতেখার ইসলাম প্রথম আলোকে বলেন, এই তরুণী সড়ক দুর্ঘটনা বা অন্য কোনোভাবে আহত হয়েছেন কি না, তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে উদ্ঘাটনের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেজাউর রশিদ প্রথম আলোকে বলেন, তরুণীর শরীরে বাহ্যিক কোনো আঘাত নেই। তবে সিটি স্ক্যান প্রতিবেদনে দেখা গেছে, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট রয়েছে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা লাগতে পারে।