প্রকাশনার জন্য করা গবেষণা মানুষের কাজে লাগে না: নাদিরা করুণাভেরা

ঢাকা ক্লাবে আয়োজিত বিজ্ঞান গবেষণাবিষয়ক আলোচনা সভায় বক্তব্য দেন নাদিরা করুণাভেরা।
ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের প্রেসিডেন্ট অধ্যাপক নাদিরা করুণাভেরা বলেছেন, যেসব গবেষণা শুধু প্রকাশনার জন্য করা হয়, তা মানুষের কোনো কাজে লাগে না। তিনি বলেন, আর্থসামাজিক উন্নতির জন্য কাজে লাগে, এমন গবেষণায় জোর দেওয়া উচিত।

আজ সোমবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত বিজ্ঞান গবেষণাবিষয়ক আলোচনা সভায় নাদিরা করুণাভেরা এই কথা বলেন। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। যৌথ ও সহযোগিতামূলক গবেষণা কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষকেরা অংশগ্রহণ করেন।

নাদিরা করুণাভেরা বলেন, একাডেমিশিয়ানরা তাঁদের গবেষণার গুরুত্ব দেন প্রকাশনাতে। গবেষণা সেখানেই শেষ হয়। প্রকাশনার জন্য করা গবেষণার জ্ঞান প্রয়োগ করা যায় না। যৌথ ও সহযোগিতামূলক গবেষণার গুরুত্ব বর্ণনা করে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের এই ভিজিটিং সায়েন্টিস্ট বলেন, মানুষের কাজে লাগে, মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়, রোগী রোগ নিরাময়ে সহায়তা করে, এমন গবেষণাকেই জোর দেওয়া দরকার।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জাপানের হেইমি বিশ্ববিদ্যালয়ের গবেষক শেখ মোহাম্মদ ফজলে আকবর। তিনি বলেন, যৌথ ও সহযোগিতামূলক গবেষণার অনেক সুযোগ রয়েছে। দেশে প্রতিভাবান গবেষকের অভাব নেই। কাজটি আরও গতিশীল করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে করা একাধিক গুরুত্বপূর্ণ গবেষণার উদাহরণ তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী বলেন, চিকিৎসকদের বড় অংশটি গবেষণার চেয়ে অধিক অর্থ উপার্জনের ব্যাপারে বেশি মনোযোগী। গভীর রাত পর্যন্ত রোগী দেখতে তাঁরা যতটা আগ্রহী, গবেষণার ব্যাপারে ততটা নন।

অনুষ্ঠানে বিএসএমএমইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা ছাড়াও বিভিন্ন ওষুধ কোম্পানির কর্তকর্তারা ও বিজ্ঞানীরা বক্তব্য দেন। আলোচনায় অংশ নিয়ে বঙ্গভ্যাক্স টিকার উদ্ভাবক কাকন নাগ বলেন, প্রাতিষ্ঠানিক গবেষণা গুরুত্বপূর্ণ, তবে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমর্থন ছাড়া প্রাতিষ্ঠানিক গবেষণার সুফল মানুষের কাছে পৌঁছানো কঠিন। বিজ্ঞানীদের এই অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট চিকিৎসা গবেষক ও বিএসএমএমইউর

ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব।