শেওড়াপাড়া ওয়াসা রোডে বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে
শেওড়াপাড়া ওয়াসা রোডে বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে

রাত থেকে অঝোর বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ

রাজধানীতে গতকাল শনিবার গভীর রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত বৃষ্টি চলেছে। ভোর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এখনো বৃষ্টি চলছে।

আর এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। রাজধানীর কয়েকটি স্কুলে চলা অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করার খবর পাওয়া গেছে।

রাজধানীর গ্রিন রোডে আজ রোববার সকাল আটটার দিকে এমন পানি। রিকশা প্রায় ডুবে যাচ্ছে

সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর গ্রিন রোড, তেজতুরীবাজার, পান্থপথ, মণিপুরীপাড়া, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে। মিরপুরে মূল সড়কেও হাঁটুপানি দেখা গেছে।

শেওড়াপাড়া ওয়াসা রোডে বৃষ্টিতে রাস্তায় হাঁটুপানি। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে

শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, বৃষ্টিতে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ শেওড়াপাড়া শাখা-৩–এর সামনের প্রধান সড়ক ও আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। এ পরিস্থিতিতে সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আজকের পরীক্ষা স্থগিত করার অনুরোধ জানান। পরে কর্তৃপক্ষ শেওড়াপাড়া শাখা–৩–এর সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

জিগাতলা এলাকার বাসিন্দা আশীষ উর রহমান জানান, বৃষ্টির কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বেইলি রোড শাখার নবম শ্রেণির অর্ধবার্ষিক, দশম শ্রেণির প্রাক্‌–নির্বাচনী ও একাদশ শ্রেণির ব‍্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কলাবাগান এলাকার বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্রী জানায়, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গ্রিন রোড শাখার অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

কলাবাগান এলাকার বাসিন্দা ইভা তানিয়া চৌধুরী জানান, তাঁর মেয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নবম শ্রেণিতে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শংকরে নালন্দা স্কুলেও বিভিন্ন শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

রাজধানীর ক্রিসেন্ট রোডের গলিতে হাঁটুর ওপর পর্যন্ত পানি জমেছে। আজ রোববার সকাল আটটার দিকে

ক্রিসেন্ট রোড এলাকার বাসিন্দা শামিমা নাসরিন জানান, সেখানে রাস্তায় প্রায় কোমরসমান পানি জমেছে।

বৃষ্টির পানিতে বিভিন্ন পরিবহন রাস্তায় চলছে না। কোথাও বৃষ্টির পানিতে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে গেছে।

আগারগাঁও এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন সায়রা বেগম। তিনি মহাখালী যাবেন। কিন্তু এক ঘণ্টা অপেক্ষা করেও কোনো গাড়ি পাচ্ছিলেন না। বললেন, ‘অসহনীয় অবস্থায় আছি। মহাখালী অফিস। পৌঁছাতে পারব কি না জানি না।’

কাজীপাড়ায় পানি পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন পথচারীরা। আজ রোববার সকাল ১০টার দিকে

মো. শিমুল বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য অপেক্ষা করছিলেন কাজীপাড়ায়। ৪০ মিনিট অপেক্ষা শেষে তিনি বলেন, ‘কখন আসে বলতে পারি না। অপেক্ষা করতে হবে।’ তিনি জানান, বৃষ্টির পানিতে বাস চলতে সমস্যা হচ্ছে। তাই সময় লাগছে বেশি।

শেওড়াপাড়া, কাজীপাড়া হয়ে মিরপুর ১০ নম্বর পর্যন্ত রাস্তায় আজ সকাল ১০টার দিকে তীব্র যানজট দেখা গেছে। এতে ভোগান্তি আরও বেড়েছে।

মৌচাক মার্কেট এলাকায় রাস্তায় এমন পানি জমেছে। আজ রোববার সকাল আটটার দিকে
মালিবাগ রেলগেট এলাকায় হাঁটুপানি পার হয়ে যাচ্ছেন পথচারীরা। আজ রোববার সকাল আটটার কিছু আগে

সংবাদকর্মী পার্থ শঙ্কর সাহা বলেন, তিনি মনিপুরীপাড়া থেকে ছেলেকে আসাদগেটে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থল কারওয়ান বাজারে এসেছেন। রাস্তায় পানি জমে থাকায় তিনি সিএনজিচালিত অটোরিকশায় ৪০০ টাকা ভাড়া দিয়ে এসেছেন। মণিপুরীপাড়ার ভেতরের গলিতেও পানি জমে গেছে বলে তিনি জানান। সাধারণত এসব রাস্তায় পানি জমে না।

রাজধানীর কারওয়ান বাজারে রাস্তায় পানি জমেছে। আজ রোববার সকাল সাতটায়

সকালে কারওয়ান বাজারে কর্মস্থলে আসার পথে বিপত্তিতে পড়েন সাংবাদিক অনিন্দ্য সাইমুম। সাড়ে ছয়টার দিকে তিনি আদাবর থেকে রওনা দেন। মোহাম্মদপুর থানার সামনে, ধানমন্ডি ২৭ নম্বর, ৩২ এর পেছনে রাস্তায় প্রায় হাঁটুপানি জমে যায়। এই পানি পার হয়ে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে এসেছেন তিনি।

কলাবাগান থেকে কর্মস্থল কারওয়ান বাজারে আসার পথে ভোগান্তিতে পড়েন আরেক সংবাদকর্মী জিনিয়া চৌধুরী। পৌনে সাতটার দিকে রাজধানীর গ্রিন রোড, পান্থপথের রাস্তায় হাঁটুপানি জমে থাকতে দেখেছেন তিনি। কলাবাগানের ভেতরের রাস্তাগুলোয়ও হাঁটুপানি জমেছে। এসব রাস্তায় সাধারণত পানি জমে না বলে তিনি জানান।

রাজধানীর বিজয় সরণি মোড় এলাকায় রাস্তায় এমন পানি জমেছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর আজ সকাল পৌনে আটটার দিকে প্রথম আলোকে বলেন, রাজধানীতে সর্বশেষ ছয় ঘন্টায়, অর্থাৎ গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মাসে এতটা বৃষ্টির রাজধানীতে এই সময়ে হয়নি।।

ধানমন্ডি ৬ নম্বরে রাস্তায় হাঁটুপানি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে