ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ২৮ আগস্ট, ২০২৬
ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ২৮ আগস্ট, ২০২৬

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঢাকাবাসীর প্রাণের এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে যৌথ উদ্যোগে আজ শুক্রবার এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বের হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে রায়সাহেব বাজার মোড়, তাঁতীবাজার, ফুলবাড়িয়া ফ্লাইওভার, গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নগর ভবনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

শোভাযাত্রায় ঢাকার ইতিহাস–ঐতিহ্যকে তুলে ধরতে নানা আয়োজন ছিল। এর মধ্যে ঢাকার ঐতিহ্যবাহী প্রথম স্টিমার, ৪০টি ঘোড়াসহ অশ্বারোহী দল, ১০টি পালকির বহর ছিল। পাশাপাশি ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাখরখানি, জিলাপিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণের প্রতিকৃতি।

এ ছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কেন্দ্রীয় শহীদ মিনার, আহসান মঞ্জিল, ঢাকা গেট, লালবাগ কেল্লা, তারা মসজিদ, আর্মেনিয়াম চার্চ, গির্জা, মন্দিরসহ বিভিন্ন স্থাপনার মডেল শোভাযাত্রায় প্রদর্শন করা হয়।

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল অশ্বারোহী দল। ২৮ আগস্ট, ২০২৬

শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন বলেন, এটি ঢাকাবাসীকে উজ্জীবিত করার একটি উৎসব। সাইকেল ম্যারাথন, নৌকাবাইচসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উৎসব উদ্‌যাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেন।