জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। দুই–তিন দিন ধরে ঘোলা পানি পাওয়া যাচ্ছে। এ কারণে তাঁর নিজেরও পেট খারাপ হয়েছে।
আজ সোমবার জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি চিফ হুইপ সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, এখানে এক কোটি লিটার পানির দরকার। কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। পানির সমস্যার বিষয়টি সরকারকে জানানো হবে।
মূলত সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া নিয়ে আজ বৈঠক করে সংসদ কমিটি। চিফ হুইপ জানান, আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দ দেওয়া হবে। প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। আবার কিছু কিছু ২০০০ সালে তৈরি হয়েছে, কিছু নষ্ট হয়েছে। সেগুলো ঠিক করা হয়েছে। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদের মেডিক্যাল সেন্টার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সংসদের সাউন্ড সিস্টেম এখনো ভালোভাবে কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, তাঁরা সাউন্ড সিস্টেম উন্নত করার চেষ্টা করছেন। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে।
বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ অধিবেশনকক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে সংসদ সদস্য রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস্য ভবনে ব্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব কমিটি গঠন করা হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য ভবনের প্রয়েোজনীয় আসবাব কেনাকাটার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের আমলের বালিশ, পর্দা ও ছাগল–কাণ্ডের মতো ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত।