
ছাত্রত্ব না থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পারবেন না ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে ডাকসু নির্বাচন আয়োজনে গঠিত নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী।
ডাকসু নির্বাচন কমিশনের এই রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সব ছাত্রসংগঠন এই সেশনকে নির্বাচনে রাখার দাবি জানিয়েছিল, আমরাও গুরুত্ব দিয়েছিলাম। তবে আইনি পরামর্শ অনুযায়ী যাঁদের ছাত্রত্ব নেই, তাঁদের নির্বাচনে অন্তর্ভুক্ত করলে পরবর্তী সময়ে আইনি জটিলতার আশঙ্কা থাকে।’
বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ মেনে আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। তিনি বলেন, যাঁদের ছাত্রত্ব নেই, তাঁদের যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, তাহলে এর বিরুদ্ধে যে কেউ আদালতে গিয়ে রিট করতে পারেন। এতে নির্বাচন আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অধ্যাপক গোলাম রব্বানী আরও বলেন, ‘আইনের বাইরে যাওয়া ঠিক হবে না। সে অনুযায়ী আমরা এই সেশনকে রাখতে পারছি না। তবে এই সেশনে যাঁদের ছাত্রত্ব আছে, তাঁরা নির্বাচনে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন।’
উল্লেখ্য, ডাকসু নির্বাচন আয়োজনে গত ১৬ জুন ১০ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।