গবেষণায় পুরস্কার পেলেন এনএসইউ’র ১২ জন

অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা
ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ২০২১-২২ সালে গবেষণায় উৎকর্ষের জন্য ১২ জন অনুষদ সদস্যকে পুরস্কৃত করেছে। এ উপলক্ষে এনএসইউ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএসইউর অফিস অব রিসার্চ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ১২ জন অনুষদ সদস্যের জন্য এ পুরস্কার অনুমোদন করে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজ।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের যোগ্যতা অনুসারে স্বর্ণ, রৌপ্য বা ব্রোঞ্জপদক, প্রশংসাপত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এনএসইউসহ নির্বাচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি ডিগ্রি প্রদানের অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এনএসইউ অফিস অব রিসার্চের পরিচালক অধ্যাপক নরম্যান কে সোয়াজো বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রশাসনের তত্ত্বাবধান করেন। নেতৃস্থানীয় আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে এনএসইউ’র খ্যাতি বৃদ্ধির লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।