দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে তরুণদের প্রস্তুত হতে হবে: বিএসইসি চেয়ারম্যান

ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ফিয়েস্তা শিরোনামের অনুষ্ঠানে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম
ছবি: শুভ্র কান্তি দাশ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায়। এখন যাঁরা তরুণ শিক্ষার্থী, তাঁরাই ভবিষ্যতে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজে নেতৃত্ব দেবেন। তাই তাঁদের সেভাবে প্রস্তুত হতে হবে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স ফিয়েস্তা’ শিরোনামের এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, এ দেশ সফলতার দিকে এগোচ্ছে। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এ দেশকে সেভাবে স্পর্শ করতে পারেনি। দেশকে এগিয়ে নেওয়ার কাজটি ভবিষ্যতে বর্তমান সময়ের মেধাবী শিক্ষার্থীরাই করবেন। তাই এসব শিক্ষার্থীকে শিক্ষকেরা শ্রেণিকক্ষে চাপে রাখেন। মাঝেমধ্যে শিক্ষার্থীরা এসবে বিরক্ত হন। কিন্তু চাপে না রাখলে শিক্ষার্থীদের সর্বোৎকৃষ্ট মানবসম্পদ হিসেবে তৈরি করা যাবে না। তলোয়ারকে যেভাবে শান দিতে হয়, শিক্ষার্থীদেরও সেভাবে তৈরি করতে চাপে রাখতে হয়।

সামনের ২০ বছর বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পৃথিবীর একটি দরিদ্র দেশ হিসেবে, যাকে শোষণ করা হয়েছে শত শত বছর ধরে, সেই বাংলাদেশ কিন্তু এখন আর নেই। নিজেরা দায়িত্ব নিয়ে বাংলাদেশকে বিশ্বের ৪১তম অর্থনীতির দেশে নিয়ে আসা সম্ভব হয়েছে। অর্থাৎ, সবই সম্ভব।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশের লক্ষ্যটা হলো ‘ভিশন ২০৪১’। এটাই চ্যালেঞ্জের, যেখানে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায়। সে জন্য বিশ্বের ৪০ থেকে ৩০, সেখান থেকে ২০ নম্বর অর্থনীতির দেশে চলে আসার একটা অবস্থা সৃষ্টি করতে হবে। কিন্তু তখন বর্তমানে যাঁরা দেশ পরিচালনায় রয়েছেন, তাঁরা অবসরে যাবেন। আর যাঁরা এখন দর্শকসারিতে (শিক্ষার্থী) বসে আছেন, তাঁরা দেশ পরিচালনা করবেন। তাঁরাই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজে নেতৃত্ব দেবেন। তাই সবাইকে সেভাবে প্রস্তুত হতে হবে।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চা পড়ালেখার শক্তিকে বাড়িয়ে দেয়। এতে শরীরে চাঙাভাব চলে আসে। একজন মানুষকে সংস্কৃতি, খেলাধুলা ও লেখাপড়া—সব মিলিয়ে পূর্ণাঙ্গ মানবে রূপান্তরের পরিবেশ করে দিতে হয়।

একজন সংস্কৃতিমনা মানুষ কখনো কুসংস্কারাচ্ছন্ন হন না, জঙ্গিবাদে জড়ান না বলে উল্লেখ করেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, একজন মানুষের শৈল্পিক গুণাবলি বিকাশে খেলাধুলা, গান-বাজনা দরকার। কারণ, এগুলো মানুষকে হতাশাগ্রস্ত হতে দেয় না। এগুলো বিভিন্ন মানসিক ক্লান্তি থেকে মানুষকে দূরে নিয়ে যায়।

শরীর ও মনকে একসঙ্গে চলতে হবে জানিয়ে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। যদি স্বাস্থ্য ভালো না থাকে, সারাক্ষণ অসুস্থ থাকলে, রোগ প্রতিরোধক্ষমতা ভালো না হলে, শারীরিকভাবে দুর্বল হয়ে গেলে লেখাপড়া করে লাভ নেই। কারণ, অসুস্থ থাকলে কাজ করা যাবে না।

অনুষ্ঠানে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারপারসন হাসিনা শেখ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মুহাম্মাদ আবদুল মঈন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা শেষে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল কুইজ, বিতর্ক, কেস-ইনফোগ্রাফিকস সোকেজ, নাচ, লোকগীতি, নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, আধুনিক গান, ইসলামিক গান, কবিতা আবৃত্তি, মার্বেল রেস, ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন, ফুটবল ও ক্রিকেট।

উৎসবটি আজ দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রে চলবে। করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর এই উৎসবের আয়োজন বন্ধ ছিল।