শাহবাগে রাস্তা থেকে নারী ওয়ার্ড কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার

শাহবাগ এলাকা
শাহবাগ এলাকা

রাজধানীর শাহবাগ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয়।

ওই কাউন্সিলরের নাম রোকসানা ইসলাম (চামেলী)। তিনি দক্ষিণ সিটির সংরক্ষিত নারী আসনের (১৩, ১৯ ও ২০ ওয়ার্ডের) কাউন্সিলর। রাত নয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।

রোকসানার ভগ্নিপতি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রোকসানা আওয়ামী লীগের কোনো সভায় যোগ দিয়েছিলেন। পরে রাতে তাঁরা খবর পান বিএসএমএমইউর ৩ নম্বর ফটকের পাশে তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জরুরি বিভাগের চিকিৎসক রোকসানার পাকস্থলী পরিষ্কার করেছেন। পরে তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

রোকসানা ইসলাম কীভাবে অচেতন হয়ে পড়ে ছিলেন, তা তাৎক্ষণিক জানতে পারেননি পুলিশ ও তাঁর স্বজনেরা। রাত সাড়ে ১১টার দিকে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা সেখান থেকে ফেরার পর বিস্তারিত জানা যাবে।