পানিবন্দী অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য রান্না করা খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত (ডান থেকে দ্বিতীয়), মহাসচিব মজিবুর রহমান মৃধাসহ (বাঁয়ে) সংগঠনের অন্য সদস্যরা। ১৪ জুলাই ২০২৬
পানিবন্দী অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য রান্না করা খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত (ডান থেকে দ্বিতীয়), মহাসচিব মজিবুর রহমান মৃধাসহ (বাঁয়ে) সংগঠনের অন্য সদস্যরা। ১৪ জুলাই ২০২৬

ঢাকায় পানিবন্দী মানুষের পাশে গুলশান সোসাইটি, খাবার বিতরণ

সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ঢাকার বিভিন্ন এলাকার পানিবন্দী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গুলশান সোসাইটি। মঙ্গলবার সংগঠনটির উদ্যোগে কড়াইল বস্তিসহ আশপাশের এলাকায় সংকটে থাকা মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুলশান সোসাইটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগের এই সময়ে দুর্গত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট দূর করার লক্ষ্যে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। খাদ্য বিতরণকালে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মহাসচিব মজিবুর রহমান মৃধা ও সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পানিবন্দী মানুষের মধ্যে রাতে নৌকাযোগে রান্না করা খাবার তুলে দিচ্ছেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ সংগঠনের সদস্যরা। কড়াইল বস্তি, ঢাকা। ১৪ জুলাই ২০২৬

কর্মসূচি নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘জলাবদ্ধতার কারণে বিপুলসংখ্যক মানুষ বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। এই সংকটের মুহূর্তে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানো আমাদের নাগরিক ও নৈতিক দায়িত্ব। গুলশান সোসাইটি সব সময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ওমর সাদাত বলেন, ‘পানিবন্দী মানুষের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানি। আমরা সাধ্যমতো তাদের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করছি। সমাজের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনকেও এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’