
বাসা থেকে কোচিংয়ে যাওয়ার পথে প্রাইভেট কারের ধাক্কায় নিহত শিক্ষার্থী আলী হোসেনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তার সহপাঠীরা। পাশাপাশি নিরাপদ সড়কের দাবিও জানিয়েছে তারা। আজ সোমবার রাজধানীর রামপুরা এলাকায় ‘নিরাপদ সড়ক ও হাফ পাস আমার অধিকার’ ব্যানারে মানববন্ধন করে শিক্ষার্থীরা এসব দাবি জানায়।
আলী হোসেন তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের কুনিপাড়ায় ভাড়া বাসায় থাকত। ঘটনার পর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন নিহত আলী হোসেনের বাবা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আলী হোসেনের বাবা একজন হোটেল কর্মচারী। তারপরও তিনি ছেলেকে চিকিৎসক বানাতে চেয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁর সেই স্বপ্ন শেষ হয়ে গেছে। তাই আলী হোসেনের পরিবারের জন্য শিক্ষার্থীরা পরিবহনমালিক ও সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানায়।
১১ সেপ্টেম্বর রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় আলী হোসেন। চালককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে পরদিন ফার্মগেট ও বিজয় সরণি এলাকা অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
রামপুরা ও খিলগাঁও এলাকার কয়েকজন শিক্ষার্থী বিকেল সাড়ে চারটার পর রামপুরা ব্রিজে অবস্থান নেয়। নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে তারা ব্রিজের ওপর দাঁড়িয়ে মানববন্ধন করে। শিক্ষার্থী ‘সড়কে শৃঙ্খলা ফেরাও’, ‘নিরাপদ সড়ক চাই’, ‘সড়কে আর কত মৃত্যুর মিছিল দেখব’,‘সারা দেশে হাফ পাস চাই’ স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
আন্দোলনকারীদের পক্ষে শিক্ষার্থী সোহাগী সামিয়া বলে, ‘দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক ও হাফ পাসের দাবিতে আন্দোলন চলে আসছে। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। যত দিন সড়কে শৃঙ্খলা না ফিরবে, তত দিন আমরা নানাভাবে আন্দোলন চালয়ে যাব।’