
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ প্রতিযোগিতায় ‘মোস্ট ইন্সপিরেশনাল’ প্রজেক্ট হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম ডায়মন্ডস’। গত বৃহস্পতিবার রাতে নাসা এক অনুষ্ঠানে এ প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। ফেসবুক, টুইটার ও ইউটিউবে সরাসরি এটি প্রচারিত হয়।
টিম ডায়মন্ডস–এর সদস্যরা হলেন টিসা খন্দকার (টিম লিডার), মুনিম আহমেদ (সিস্টেম ডিজাইনার), ইঞ্জামামুল হক (সিস্টেম আর্কিটেক্ট), আবু নিয়াজ (সিস্টেম ডেভেলপার) ও জারিন চৌধুরী (রিসার্চার)। উপদেষ্টা হিসেবে ছিলেন অধ্যাপক ড. তৌহিদ ভূঁইয়া ও মেন্টর সহযোগী অধ্যাপক খালিদ সোহেল।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২ একটি আন্তর্জাতিক হ্যাকাথন প্রতিযোগিতা। এ বছর নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে ১৬২টি দেশের ২ হাজার ৮১৪টি দল অংশ নেয়। যাচাই-বাচাই শেষে মূল পর্বে লড়ে ৪২০টি দল। সর্বশেষ বিচার প্রক্রিয়া শেষে ৩৫টি দল ‘গ্লোবাল ফাইনালিস্ট’–এ জায়গা করে নেয়। এ তালিকায় একমাত্র বাংলাদেশী দল ছিল টিম ডায়মন্ডস। বাংলাদেশে এ প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বা বেসিস।
টিম ডায়মন্ডস কাজ করেছে মূলত শিশুদের নিয়ে। দলের সদস্যরা একটি ইন্টারেক্টিভ গেমভিত্তিক স্পেস লার্নিং সিস্টেম বানিয়েছে, যার মাধ্যমে শিশুরা নক্ষত্রের রং, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন, এর পেছনে লুকিয়ে থাকা কারণগুলো সম্পর্কে জানতে পারে। গেমটি খেলার মাধ্যমে শিশুরা তাদের নিজস্ব নক্ষত্র তৈরি থেকে শুরু করে নক্ষত্রের ধরন, রংয়ের পরিবর্তন, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন করতে পারবে।
শিক্ষার্থীদের এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়্যারম্যান সবুর খান ও উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান।